আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্টের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সরকার। তবে এর বিরোধীতা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ পদক্ষেপকে ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করার সঙ্গে তুলনা করেছেন। ইসরায়েলের মতো একই পথে হেঁটেছে যুক্তরাষ্ট্রও। ফ্রান্সের এ সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও।
আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্স স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির ইমানুয়েল মাখোঁ। এর মধ্য দিয়ে জি-সেভেন দেশগুলোর মধ্যে তারাই প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। খবর বিবিসির।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মাখোঁ লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি গাজায় যুদ্ধের সমাপ্তি ও সেখানকার নিরস্ত্র মানুষের জীবন রক্ষা করা। শান্তি ফেরানো সম্ভব। আমাদের এখনই যুদ্ধবিরতি, সব বন্দির মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।



