বাংলাগেজেট রিপোর্ট : বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। ওই দেশের একটি প্রতিষ্ঠান থেকে ২৫টি বোয়িং কেনার জন্য অর্ডার করা হয়েছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান।
বাণিজ্য সচিব জানান, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, বোয়িং কোম্পানিগুলো করে। আমরা ২৫টি বোয়িং কেনার জন্য অর্ডার দিয়েছি। একইভাবে ভারত ও ভিয়েতনাম ১০০টি ও ইন্দোনেশিয়া ৫০টি বোয়িং কিনছে।
তিনি বলেন, আগে আমাদের ১৪টি অর্ডার ছিল। এখন শুল্ক ঘাটতি আরও কমাতে এ অর্ডার ২৫টি করেছি।
সচিব বলেন, এ বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে। এক-দুই বছর লাগবে।
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার: বাণিজ্য সচিব
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ ও ৩০ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা হবে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান।
তিনি বলেন, আগামী ২৯-৩০ তারিখ সরাসরি বৈঠক হবে ওয়াশিংটনে ইউএসটিআরের অফিসে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সেখানে উপস্থিত থাকবেন।
সচিব বলেন, আমাদের অবস্থানপত্রের বিষয়গুলোবিস্তারিত আলোচনা হবে। সোমবার সন্ধ্যায় আমাদের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হবে।



