spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়জুলাই শহীদ পরিবার যোদ্ধাদের নতুন বিধিমালা জারি

জুলাই শহীদ পরিবার যোদ্ধাদের নতুন বিধিমালা জারি

ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য একটি নতুন বিধিমালা জারি করেছে। ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা, ২০২৫’-এর মাধ্যমে অনুদান ও মাসিক ভাতা বণ্টনের নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, সরকারের দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা শহীদের স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে তিন ভাগে বণ্টন করা হবে। দীর্ঘদিন ধরে শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বণ্টন নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় সরকার এ নিয়ম প্রণয়ন করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগে ধর্মীয় উত্তরাধিকার আইন মেনে সহায়তা বণ্টনের চেষ্টা করা হলেও তা নিয়ে প্রশ্ন ওঠে এবং দ্বন্দ্ব বাড়তে থাকে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হচ্ছে—গত অর্থবছরে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ হয়েছে, চলতি অর্থবছরে বাকি ২০ লাখ দেওয়া হবে। পাশাপাশি, জুলাই থেকে শহীদ পরিবার মাসে ২০ হাজার টাকা ভাতা পাচ্ছেন। তবে ভাতাপ্রাপ্ত সদস্য মারা গেলে বা শহীদের স্ত্রী পুনর্বিবাহ করলে সেই ভাতা বন্ধ হবে। অনুদান বণ্টনের নিয়মে বলা হয়েছে—

শহীদের স্বামী/স্ত্রী, সন্তান ও বাবা-মা সমানভাবে এক-তৃতীয়াংশ করে পাবেন।
একাধিক স্ত্রী বা সন্তান থাকলে তাদের মধ্যে সমানভাবে ভাগ হবে।
বাবা-মা না থাকলে বা সন্তান না থাকলে তাদের অংশ অন্য সদস্যদের মধ্যে বণ্টন হবে।
অবিবাহিত শহীদের ক্ষেত্রে অনুদান কেবল বাবা-মা পাবেন।

এছাড়া বিধিমালায় উল্লেখ আছে, কোনো জুলাইযোদ্ধা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকেও শহীদ হিসেবে গণ্য করা হবে এবং তার পরিবার একই সুযোগ-সুবিধা পাবে। যদি কোনো বিরোধ দেখা দেয়, তাহলে সালিশ বোর্ড গঠন করে তা নিষ্পত্তি করা হবে। সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments