স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭০০০ রান এবং ৫০০ উইকেটের ডাবল অর্জন করেছেন সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি ক্রিকেটে একটি মাইলফলক স্পর্শ করলেন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৫-এর ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৫০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নামার আগে সাকিবের ঝুলিতে ছিল ৪৯৯টি উইকেট। ১৫তম ওভারে বল করতে এসে প্রথম সুযোগটি পেলেও কাজে লাগেনি।
পরের বলে সাকিব মোহাম্মদ রিজওয়ানকে নিজেই ফিরতি ক্যাচ নিয়ে আউট করে টি-টোয়েন্টি ইতিহাসের মাত্র পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। পরের ওভারে আরো দুটি উইকেট নিলে মোট উইকেটের সংখ্যা দাঁড়ায় ৫০২।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ বা তার বেশি উইকেট নেয়া বোলারদের এলিট ক্লাবে আছেন— রশিদ খান (৬৬০ উইকেট), ডোয়াইন ব্রাভো (৬৩১ উইকেট), সুনীল নারিন (৫৯০ উইকেট) ও ইমরান তাহির (৫৫৪ উইকেট)।



