বাংলাগেজেট রিপোর্ট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নিরাপদে প্রস্থানের পথ (সেফ এক্সিট) খুঁজছি না। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাবো।
এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের বিষয়ে বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ‘লিয়াজোঁ’ করে ফেলেছেন এবং তারা ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) চাইছেন। এর জবাবে রিজওয়ানা বলেন, “এই কথার ব্যাখ্যা নাহিদ ইসলামকেই দিতে হবে—কারা সেই সেফ এক্সিট চায়।”
এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, অনেক উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন। তার এভাবে বলার কারণটা কী- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এখন নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো (কোন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন) প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি- সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করবো বলেন।’
উপদেষ্টা বলেন, ‘আমি যেটুকু দেখতে পাই খোলা চোখে- সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের মতো এই নবগঠিত রাজনৈতিক দলের সাথে সরকারি ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি, ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার ওনাকে করতে হবে।



