থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক : শুক্রবার থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ দল।
এর আগে তিনবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছিল বাংলাদেশ। যার মধ্যে দুইবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্সআপ মূল পর্বে জায়গাও করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার বাছাইপর্বের সেমিফাইনালে আগে ব্যাট করে থাইল্যান্ডকে ১১৪ রানের লক্ষ্য দেয় লাল-সবুজ জার্সিধারীরা। জবাবে খেলতে নেমে বাংলাদেশের ঘূর্ণি জাদুতে ৬ উইকেটে ১০২ রানে থামে থাইল্যান্ড। ফলে ১১ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিগার সুলতানার দল।
নিয়ম অনুযায়ী বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপ খেলার যোগত্য অর্জন করবে। এ হিসেবে বাংলাদেশ দলের বিশ্বকাপ নিশ্চিত। ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াসহ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
মাত্র ১১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোচট খায় থাইল্যান্ড। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বসে ১৩ রানেই। সেখান থেকে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন নাথাকান চনথাম। কিন্তু তার ৬৪ রানের ম্যাচসেরা ইনিংস সত্ত্বেও শেষ পর্যন্ত বাংলাদেশের কাছ হারতে হয়েছে ১১ রানে।



