বাংলাগেজেট রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না। নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেবো।
জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি গাজীপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জিএম কাদের বলেন, সংবিধানের কয়েকটি ধারার কারণে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় ঘাটতি আছে। ঐ ধারার কারণে বিচার বিভাগ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে, জাতীয় পার্টি চেয়ারম্যানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় শুধু জাতীয় পার্টির নেতা-কর্মীরাই নয়, দেশের সাধারণ মানুষও খুশি হয়েছে। তিনি বলেন, মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাধা এসেছে, আমরা আদালতের সকল নির্দেশনা ইতিবাচক ভাবেই নিচ্ছি।
জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে জানগণের আস্থা হারিয়েছে।
বিএনপিকেও দেশের সাধারণ মানুষ পছন্দ করে না। তারা আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি তৃতীয় শক্তি প্রত্যাশা করছে। জাতীয় পার্টি সেই তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে আবির্ভূত হতে ৩শ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।



