বাংলাগেজেট রিপোর্ট : জলবায়ু সম্মেলনে কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়েন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সোমবার বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
তিনি জানান, জলবায়ু সম্মেলনে উপলক্ষে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।
ড. ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন। সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে শফিকুল আলম জানান।
তিনি আরো জানান, বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সে বিষয়টি এই সম্মেলনে তুলে ধরা হবে।



