বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। শুক্রবার ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনেরা জানান, নিহত ইসমাইল চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী। তাদের মধ্যে ডিভোর্সের পর ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।



