ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টের বিচার না হওয়া পর্যন্ত শেখ পরিবার বাংলার জমিনে আর রাজনীতি করতে পারবে না।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের পাহাড়তলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের যে মঞ্চে নির্বিচারে হত্যা করা হয়েছিল তাকেও একই মঞ্চে নিয়ে ফাঁসি দিতে হবে।
শাহজাহান চৌধুরী বলেন, ১৯৭২ সালে দেশে এসে জামায়াতে ইসলামীর ওপর আঘাত করে শেখ মুজিব। ১১ কেন্দ্রীয় নেতাকর্মীসহ সারা দেশের ৬০০ জনকে কারাগারে পাঠিয়েছিল। শেখ মুজিব জামায়াতে ইসলামীকে দাবায়ে রাখতে চেয়েছিল কিন্তু পারেনি। কোনো ইসলামী দলকে কাজ করতে দেয়নি। জামায়াতে ইসলামী দমে যাওয়া দল নয়। এ সংগঠনের নেতাকর্মীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস এবং মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
কর্মী সম্মেলনে পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, খুলশী থানার নায়েবে আমির আইয়ুব আলী হায়দার, চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ড এমারতের আমির মো. ওমর ফারুক, ১৪ নম্বর ওয়ার্ড আমির মো. আবু রাশেদ, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজ আলম, রেলওয়ে শ্রমিক নেতা সেলিম পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।



