বাংলাগেজেট রিপোর্ট : প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ ব্যতীত বেসরকারি ব্যক্তিদের জন্য সচিবালয়ের সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। পাশাপাশি অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। শুক্রবার(২৭ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এতে হয়েছে, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো। সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বাতিল করা হলো।
এতে আরও বলা হয়, বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন।
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার-সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য জানান।
এতে বলা হয়, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে বিধি নিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সিদ্ধান্তটি সাময়িক।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।



