ডেস্ক রিপোর্ট : মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ এসেছে। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ আরও বাড়তে চলেছে। সম্প্রতি মোবাইল সেবার ওপর ৩ শতাংশ সম্পূরক কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে অনুমোদন পাওয়া গেছে। যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। এখন, সম্পূরক শুল্ক ৩ শতাংশ বাড়ানোর ফলে মোবাইল রিচার্জে করের পরিমাণ বাড়বে।
বর্তমানে, ১০০ টাকার মোবাইল রিচার্জ করলে গ্রাহককে ২৮ দশমিক ১ টাকা সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ, ৬ দশমিক ১ টাকা রেভেনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স, এবং ২০ দশমিক ৪ টাকা পরোক্ষ কর দিতে হয়। এইভাবে মোট ৫৪ দশমিক ৬ টাকা কর কেটে নেওয়া হয়। তবে নতুন সিদ্ধান্তে সম্পূরক শুল্ক ৩ শতাংশ বৃদ্ধি হলে, ১০০ টাকার রিচার্জে করের পরিমাণ বেড়ে ৫৬ দশমিক ৩ টাকা হবে। এর মধ্যে ২৯ দশমিক ৮ টাকা শুল্ক, ভ্যাট ও সারচার্জ, ৬ দশমিক ১ টাকা রেভেনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স, এবং ২০ দশমিক ৪ টাকা পরোক্ষ কর কাটা হবে। ফলে, গ্রাহক ১০০ টাকায় ব্যবহার করতে পারবেন মাত্র ৪৪-৪৫ টাকা।
এনবিআরের একটি সূত্র জানিয়েছে, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং দুটি মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে।



