spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়সারাদেশনাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের গোলারচর মোহনার কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।

শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব ও শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌঘাটের নৌকা মালিক সমিতির সভাপতি বশির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত জেলেরা হলেন- সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাছান (৩০), আব্দু রকিম (২০), মোহাম্মদ জাবের (২৬) ও মোহাম্মদ হাসান (১৬)।

মিয়ানমারের সরকারি জান্তা বাহিনীর সঙ্গে টানা ১১ মাস সংঘাতের পর গত ৮ ডিসেম্বের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ দখলে নেন স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এর পর থেকে নাফ নদীতে তাঁদের জলসীমানায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে লেফটেন্যান্ট সারতাজ বিন সোহরাব বলেন, সকালে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাছান চার জেলেসহ তাঁর মালিকানাধীন নৌকা নিয়ে প্রতিদিনের মতো নাফ নদীর মোহনায় মাছ ধরতে যান। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে করে আসা লোকজন অস্ত্রের মুখে বাংলাদেশি জেলেদের নৌকাটিকে ঘিরে ফেলে। পরে জেলেরাসহ নৌকাটি নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়। ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে কোস্টগার্ড অবহিত হয়। বিষয়টি কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌঘাটের নৌকা মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, এ ঘটনায় জেলেপল্লিতে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি বিজিবিসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তাঁদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments