বাংলাগেজেট রিপোর্ট : পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে টানা ধস, ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার প্রেক্ষাপটে সাধারণ বিনিয়োগকারীরা প্রতীকী প্রতিবাদ করেছেন। বিনিয়োগকারীরা ‘কফিন মিছিল’করেন।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে রোববার (১৮ মে) প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে এই মিছিল করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা একত্র হয়ে দুপুরে মতিঝিলের শাপলা চত্বরে প্রতীকী কফিন নিয়ে মিছিল করেন। গত ৮ মে রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ‘কাফন মিছিল’ করেন।
ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতাদের দাবি, পুঁজিবাজারে যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে পুঁজিবাজার নামের খাতটি মাটির সঙ্গে মিশে যাবে। এ খাতের সংশ্লিষ্টরা নিঃস্ব হয়ে যাবেন।
পুঁজিবাজারের সঙ্গে জড়িত মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে।
বিনিয়োগকারীরা কফিন মিছিলে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে স্লোগান দেন। এখন মূল দাবি মাকসুদের পদত্যাগ। পদত্যাগেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের।
বিনিয়োগকারীরা পুঁজিবাজারের শত্রু হিসেবে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান, খন্দকার রাশেদ মাকসুদ আবু আহমেদকেও দায়ী করে স্লোগান দেন।



