spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়সারাদেশহাসনাত আব্দুল্লাহকে কুমিল্লা বিএনপির আল্টিমেটাম

হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লা বিএনপির আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জুলাই সমাবেশে বিএনপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন।

সোমবার কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কুমিল্লা বিভাগীয় বিএনপির নেতারা হাসনাতের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে এক সপ্তাহের আলটিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সেলিম ভূঁইয়া বলেন, “সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ বলেছেন—কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি দায়িত্বজ্ঞানহীন, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং মানসিক ভারসাম্যহীনতার পরিচায়ক।” তিনি দাবি করেন, হাসনাতের এই মন্তব্য কুমিল্লার বিএনপি নেতাকর্মীদের ব্যথিত করেছে এবং এটি রাজনৈতিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা।

বিএনপির এই নেতা বলেন, কুমিল্লা বিএনপি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এখান থেকেই উঠে এসেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, কর্নেল আকবর হোসেন এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মতো জাতীয় নেতা। তারা দাবি করেন, ২০২৪ সালে কুমিল্লায় বিএনপির আন্দোলন ছিল ঐতিহাসিক, যেখানে অনেক নেতাকর্মী শহীদ ও গ্রেপ্তার হন।

সেলিম ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “তাকে (হাসনাতকে) আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তিনি বক্তব্য প্রত্যাহার না করেন ও ক্ষমা না চান, তাহলে কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না।”
সেলিম ভূইয়া আরও বলেন, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টি খ্যাত (রাজার পার্টি) এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপি কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনেবিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments