আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভির এবং বাজায়েল স্মোরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য। মঙ্গলবার (১০ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডন। বেন গিভির ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী, স্মোরিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাজ্যে থাকা এ দুই দখলদারের সম্পদ জব্দ করা হবে। এছাড়া তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গত মে মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি দখলদার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন। এছাড়া পশ্চিমতীরে উগ্রপন্থি কিছু সেটেলারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালানোর দায়ে দখলদারদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।
ব্রিটিশ পার্লামেন্টে ডেভিড লামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, নেতানিয়াহু গাজার মানুষদের একটি কোণায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের যে পরিমাণ ত্রাণ প্রয়োজন সেটি যেতে দিচ্ছেন না।



