ডেস্ক রিপোর্ট : পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফস্তর- গ্রিনল্যান্ডে প্রায় ২৩ লাখ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বরফ রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ডের সমস্ত বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় সাত মিটার (২৩ ফুট) পর্যন্ত বাড়তে পারে।
ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলে এবারের বসন্ত মৌসুম ছিল অস্বাভাবিক শুষ্ক। মে মাস ছিল বিশ্বজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০২৫ সালের মে মাসে গড় বৈশ্বিক তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭৯ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১-২০২০ সালের গড়ের তুলনায় দশমিক ৫৩ ডিগ্রি বেশি। একই সঙ্গে এটি প্রাক-শিল্প যুগের গড়ের তুলনায় ১ দশমিক ৪ ডিগ্রি বেশি। কোপার্নিকাস বলছে, গত ২২ মাসের মধ্যে ২১ মাসই ছিল ১ দশমিক ৫ ডিগ্রি সীমার উপরে, যা জলবায়ু পরিবর্তনের গতি নিয়ে গভীর উদ্বেগের ইঙ্গিত দেয়।
এই চরম তাপপ্রবাহের কারণে মে মাসে স্বাভাবিকের চেয়ে দ্রুত হারে গলেছে গ্রিনল্যান্ডের বরফ। এ অস্বাভাবিক বরফ গলন বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বড় অবদান রাখতে পারে বলে আশঙ্কা করছেন জলবায়ুবিদরা।



