আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। হামলার পর ইসরায়েলের বেশকিছু শহরে একযোগে সাইরেন বাজতে শোনা যায়। একইসঙ্গে তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইসরায়েল। খবর আনাদুলু এজেন্সির।
সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রকে ঘিরেই এই নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র বিমানবাহিনী সফলভাবে প্রতিহত করেছে।’
স্থানীয় সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানায়, তেলআবিব, রামাত গান, পেতাহ তিকভা, জেরুজালেম, হোলন, রিশন লে-জিয়োন, বনে ব্রাক, মোডিন এবং রেহোভতসহ বহু শহরে সাইরেন বাজানো হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



