স্পোর্টস ডেস্ক : ফিফা র্যাঙ্কিংয়ে দেশের মেয়েদের মাঠে ধারাবাহিক পারফরম্যান্সের প্রত্যাশিত প্রভাব পড়ল। মেয়েদের ফুটবলে ফিফার সবশেষ হালনাগার র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১১৭৯.৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আগের চেয়ে রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১। এবারের এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ।
জুন মাসে মিয়ারমার সফরে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দুই দলকে হারানোয় এমন উন্নতি হয়েছে বাংলাদেশের। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১২৮তম। এশিয়া কাপের বাছাইয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ও ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। মাঠের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুবার ঠিক ১০০তম অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের কাছে হেরে ১৯ ধাপ পিছিয়েছে বাহরাইনের মেয়েরা। তাদের অবস্থান এখন ১১১তম। মিয়ানমার পিছিয়েছে এক ধাপ (৫৬তম)।
মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে পরিবর্তন এসেছে। দ্বিতীয় স্থান থেকে শীর্ষে উঠে এসেছে ইউরো রানার্স-আপ স্পেন। যুক্তরাষ্ট্র দুইয়ে নেমে এসেছে ।



