বাংলাগেজেট রিপোর্ট : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, সংলাপের প্রথম ধাপেই শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ইসির সম্মতির পর আমন্ত্রিতদের কাছে চিঠি পাঠানো হবে। ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।
ইসি জানায়, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের চিঠি দেওয়া হবে। শুরুতে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ হবে।



