বাংলাগেজেট রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই কেয়ারটেকার সরকারের আদলে রূপ দিতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার গর্ভমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গর্ভমেন্ট বলতে যা বুঝায়। সেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় তাদের যেতে হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এ বলেন।
তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে এসেছিলাম আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য। বিএনপির মহাসচিবের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যা ৬টার কিছুক্ষণ প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। অন্য দুই সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকারের আদলে রূপ দিতে হলে প্রথমেই যে বিষয়টি প্রয়োজন হবে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সচিবালয়ে যারা এখনো আছেন যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টের দোসর বলা হয় তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি।
তিনি বলেন, প্রশাসনেও জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা মনে করেছি, তারা এখনো সেই পুরোনো ফ্যাসিস্ট সরকারের স্বার্থপূরণ করছে তাদের অপসারণের কথা বলেছি। সেইসঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত নতুন নিয়োগ বা পদোন্নতি দেওয়া হবে সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলেছি।



