আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের উত্তাপ আবারো ছড়িয়েছে চীনে। দু’বছর পেরিয়ে করোনা নিয়ন্ত্রণে বিশেষ কিছু করতে পারেনি চীন। ফলে সপ্তাহের ব্যবধানে চীনের করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে!
সপ্তাহ দুই আগে থেকেই চীনে নতুন করে ছড়িয়েছে কোভিডের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭। দিনে তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ সংক্রমিত হচ্ছেন। এই পরিস্থিতিতে উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে দিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিবৃতি। বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে তিনি জানালেন, এ মুহূর্তে চীন নতুন সমস্যার মুখোমুখি, তা রুখতে নতুন পরিকল্পনা করা হচ্ছে।
সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বেজিংয়ে প্রকাশ্যে বিবৃতি দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বলেন, ‘এ মুহূর্তে কোভিড-১৯ রুখতে চিন নয়া সমস্যার মুখে পড়েছে। আমাদের সুনির্দিষ্টভাবে স্বাস্থ্যশিবির চালু করতে হবে। একেকটি কমিউনিটি ধরে তা রুখতে হবে। মানুষের জীবন রক্ষা করতে হবে, তাদের স্বাস্থ্য, নিরাপত্তার দিকটা ভাবতে হবে।’
সরকারি রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে দৈনিক সংক্রমণ ১০ লক্ষ ছুঁয়ে ফেলবে। হাসপাতালে এখনই ভিড় উপচে পড়ছে, তা আরও বাড়বে বলে আশঙ্কা। এ মুহূর্তে পরিসংখ্যান প্রকাশ করা বন্ধ হয়ে গেছে।



