বাংলাগেজেট রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার। দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদের তাগাদা দিয়েছি। তিনি বলেন, প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন— ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন। জনগণের প্রত্যাশা এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার।
তিনি বলেন, আমরা বলে আসছি এটা অন্তর্বর্তী সরকার। দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদের তাগাদা দিয়েছি। ন্যূনতম যেসব সংস্কার করা দরকার সেটুকু করে আমরা নির্বাচন দেওয়ার কথা বলেছি।
আমরা সরকারকে অত্যন্ত জোরালোভাবে বলেছি তারা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না। তারা এ বিষয়ে বলেছেন, দ্রব্যমূল্য কমাতে সরকার চেষ্টা করে যাচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ছিলেন।



