আন্তর্জাতিক ডেস্ক : গাজা থেকে জিম্মিদের মুক্তির সঙ্গে সঙ্গে উপহার দিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। জিম্মির মেয়ের জন্মে অনন্য উপহার দিয়ে অনন্য নজির স্থাপন করেছে তারা।
শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তরা হলেন- ইয়ার হর্ন, সাগি ডেকেল-চেন এবং আলেকজান্ডার ট্রুফানোভ। তারা ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হাতে জিম্মি হন। এ সময় তাদের উপহার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সূত্র জানায়, জিম্মি সাগুই ডেকেল-চেনকে তার মেয়ের জন্য অনন্য উপহার দিয়েছে হামাস। তিনি জিম্মি হওয়ার চার মাস পর কন্যাসন্তানের বাবা হন। মুক্তির সময় তার মেয়ের জন্য উপহার হিসেবে একটি স্বর্ণমুদ্রা দিয়েছে তারা।
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে জানুয়ারিতে হামাসের হাতে জিম্মি থাকা ৩ ইসরায়েলি বেসামরিক নারী মুক্তি পান। এ সময় ঘরে ফেরা বন্দিদের হাতে একটি করে ‘উপহারের’ ব্যাগও তুলে দেন হামাস যোদ্ধারা।
সংবাদমাধ্যমে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিক পরিবেশের মধ্যে হাসিমুখে তিন নারী একটি গাড়িতে উঠে বসেন। তখন চারপাশে বেশ কয়েকজন কমলা রঙের ভেস্ট পরিহিত রেডক্রসের কর্মী, নেকাবে মুখ ঢাকা হামাস যোদ্ধা এবং বহু সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, তিন নারী গাড়িতে উঠে বসার পর গাড়ির জানালার পাশেই হামাসের সদস্যরা তিনটি স্মারক সনদে স্বাক্ষর করেন। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সদস্যদের সনদে স্বাক্ষর করতে দেখা যায়। এরপর সনদগুলো মুক্তি পাওয়া তিন নারীর হাতে তুলে দেওয়া হয়।



