বাংলাগেজেট রিপোর্ট: মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে আগামী ১ মে, বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ।
নজরুল ইসলাম খান জানান, সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
নজরুল ইসলাম খান বলেন, “সরকারি ছুটির দিনে সমাবেশ হওয়ায় ঢাকায় বড় জমায়েত হলেও জনদুর্ভোগ কম হবে। ঢাকার পাশাপাশি আশপাশের জেলার নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।”
তিনি বলেন, শুধু ঢাকায় নয়—দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগেও মে দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে।
শ্রম সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, বিএনপি তা সমর্থন করে।”



