স্পোর্টস ডেস্ক : হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এক ভেন্যুতেই আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের (পুরুষ) খেলা হবে- এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভায় বসেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সভায় আগামী জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরুষ সাফ আকস্মিকভাবে স্থগিত হয়ে যায়। এই সাফে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী সামিত সোম ও কিউবা মিচেলের খেলার কথা ছিল। তাদের সেই আশায় গুড়েবালি। এক বিবৃতিতে সাফ জানায়, ‘২০২৬ সাল পর্যন্ত সাফের আসর স্থগিত করা হলো’। বিবৃতিতে আরও জানানো হয় যে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। সাফের সদস্য দেশগুলো এবং মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ মনে করে এই পদ্ধতির জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই সাফ সিদ্ধান্ত নিয়েছে ২০২৬ সাল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করার। ওয়েবসাইটে বিবৃতি দেওয়া হলেও সদস্য দেশগুলোকে এখনো কিছু জানায়নি সাফ কর্তৃপক্ষ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘আমরা গণমাধ্যমে এবং সাফের ওয়েবসাইটে দেখেছি। এখনো আনুষ্ঠানিকভাবে সাফ থেকে কিছু জানি না। আমাদের পরিকল্পনা ছিল জুনে সাফে খেলব আমরা।’ ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বকাপের বছরে সাফ আয়োজন করা আদৌ সম্ভব কি না সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও সাফের ওয়েবসাইটে বলা হচ্ছে, বিশ্বকাপের আমেজে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা আয়োজন করতে চায় তারা।



