বাংলাগেজেট রিপোর্ট : জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, ‘এটা স্বল্পমেয়াদের সরকার। জ্বালানির সব কিছুতে অনেক সময় লাগে। এমন কিছু আমরা হাতে নেই না যা আমরা করতে পারব না। আমরা অগ্রাধিকার নিয়েছি বকেয়া পরিশোধের। বিল পেমেন্ট না করলে কোন দেশ ব্যবসা করবে।’
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি সংকট উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানিয়েছেন চলমান তীব্র তাপদাহে লোডশেডিং সীমিত রাখার চেষ্টা করা হবে তিনি বলেন, ‘লোডশেডিং হবে না এটা বলা যাবে না, তবে সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করা হবে।’
বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রজেকশনে আছে ১৮ হাজার মেগাওয়াট। বিদ্যুতের এ চাহিদা পূরণে প্রয়োজনীয় এলএনজি আনার চেষ্টা করা হচ্ছে।আশা করছি, অনেকটা ম্যানেজ করতে পারব। লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। গ্রাম ও শহরের মধ্যে সমন্বয় থাকবে।’
গ্যাস খাতে সিস্টেম লস নিয়ে তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমাতে হবে। লাইন লিকেজ ছিল সেগুলো ঠিক করা হচ্ছে। গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।’



