স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে বাজেভাবে হারের পর এমন একটা জয়ের অপেক্ষাতেই যেন ছিল বাংলাদেশ। ব্যাটে বলে আলো ছড়িয়ে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ম্যাচে ব্যাটে-বলে অবদান রেখেছেন মেহেদি হাসান মিরাজ। সেঞ্চুরির পর তুলে নেন ৫ উইকেট।
মেহেদী হাসান মিরাজ। বল হাতে পাঁচ উইকেট, ব্যাট হাতে সেঞ্চুরি—দুই ভূমিকাতেই রাজত্ব করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন। সাকিবের ১১ বছরের পুরনো অনন্য কীর্তিতে ভাগ বসালেন মিরাজ।
বাংলাদেশ ক্রিকেটে কীর্তি যে কজন গড়েছেন, মিরাজ এখন তাদেরই একজন। একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি ছিল এতদিন শুধু সাকিব আল হাসান (২ বার) ও সোহাগ গাজীর (১ বার)। সেই তালিকায় মিরাজ তৃতীয় জন হিসেবে যুক্ত হলেন ।
প্রথম টেস্টে হেরে গেলেও চট্টগ্রাম টেস্টে তিন দিনে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৭ রান করা দলটি ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে গুটিয়ে যায় স্রেফ ১১১ রানে।
বাংলাদেশ একমাত্র ইনিংসে করে ৪৪৪ রান। জিম্বাবুয়ের উইকেট পতনে বাড়ানো হয় দিনের খেলা শেষ হওয়ার সময়। তাতে তিন দিনেই চট্টগ্রাম টেস্ট জিতে নিল বাংলাদেশ।
দেশের মাটিতে টানা ৬ টেস্ট হারার পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। তাতে দুই টেস্টের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।



