ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ বিমান আকস্মিকভাবে ঢাকা-বরিশাল রুটে তাদের সকল ফ্লাইট শুক্রবার (২৫ জুলাই) থেকে বন্ধ ঘোষণা করেছে। উড়োজাহাজ স্বল্পতাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে এই আকস্মিক সিদ্ধান্তে বরিশাল ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে আকাশপথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।
বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে নীরবতা পালন করছে। এই পদক্ষেপ বরিশাল অঞ্চলের অর্থনীতি ও পর্যটন শিল্পের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকেই এই বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়। তবে বিভিন্ন সময়ে নানা অজুহাতে এই রুটের বিমান চলাচল একাধিকবার বন্ধ ছিল।
সর্বশেষ ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতেও নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়েছিল। এরপর পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী কমে যাওয়ার অজুহাত দেখিয়ে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে এই রুটে ফ্লাইট চলাচল সপ্তাহে তিন দিনে নামিয়ে আনা হয়।



