স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে আবারও সিরিজ জিতল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলেও দলটি একদিনের ক্রিকেটে সিরিজ জিতেই চলেছে।
শনিবার বোলারদের নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতল রোহিত শর্মার দল।
রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে স্বাগতিকদের জয়। হায়দরাবাদে প্রথম ওয়ানডেতে হয়েছিল রান উৎসব। ভারতের ৩৪৯ রানের জবাবে নিউ জিল্যান্ড করেছিল ৩৩৭।
শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫ রানের ধ্বংসস্তূপ থেকে কিউইরা যেতে পারে ১০৮ রান পর্যন্ত। অধিনায়ক রোহিতের দায়িত্বশীল ফিফটিতে ভারত তা পেরিয়ে যায় ২০.১ ওভারে। নিউজিল্যান্ডের প্রথম ৭ উইকেট নেন ভারতের চার পেসার মিলে। পরের ৩টি ভাগ করে নেন দুই স্পিনার। ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার মোহাম্মদ শামি।



