ডেস্ক রিপোর্ট : যশোর ও সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে
সারাদেশে হু হু করে বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে ঢাকাসহ দেশের চার বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের যশোর ও সিরাজগঞ্জ জেলায় তীব্র দাবদাহ বিরাজ করছে। তবে আজ রাতের তাপমাত্রা কিছুটা কমলেও চলতি সপ্তাহজুড়েই তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (২৯ মার্চ) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তিনি বলেন, যশোর ও সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, বৃষ্টি না হলে তাপ্রবাহ কমার তেমন কোনো সম্ভাবনা নেই। ৩১ মার্চের পর তাপমাত্রা কিছুটা কমলেও মৃদু তাপপ্রবাহ থেকে যাবে। অর্থ্যাৎ, চলতি সপ্তাহজুড়েই তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তিনি বলেন, এখন তাপমাত্রা বেশি হলেও গরমের অস্বস্তি কম। কারণ, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কম।



