আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিশ্বজুড়ে এই গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে বিবেকবান মানুষ। সম্প্রতি বাংলাদেশের মতো পাকিস্তানেও লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে পড়েছেন ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। গর্জে উঠেছে করাচির রাজপথ। মানুষের সমুদ্রে পরিণত হয়েছে শহরের প্রধান সড়ক। গাজাবাসীর জন্য এই সংহতি শুধু প্রতিবাদ নয়, এটি আন্তর্জাতিক মানবতাবোধের প্রকাশ।
রোববার (১৪ এপ্রিল) পাকিস্তানের করাচি শহরের শাহরা-এ-ফয়সল সড়কে “গাজা সংহতি মার্চ” নামের বিশাল বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। এ কর্মসূচি ছিল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর প্রকাশ। অন্তত এক লাখ মানুষ এতে অংশ নেয়। প্রচণ্ড গরমেও বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন, হামাসের নিহত শীর্ষ দুই নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের ছবি উঁচিয়ে ধরেন। গাজায় শিশু হত্যার প্রতিবাদে সাদা কাফনে মোড়ানো প্রতীকী পুতুলের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন।



