ডেস্ক রিপোর্ট : বুধবার থেকে পবিত্র মক্কা নগরীতে হজ পালন শুরু হয়েছে। ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এ আনুষ্ঠানিকতায় অংশ নিতে ইতোমধ্যেই জড়ো হয়েছেন প্রায় ১৪ লাখ মুসলিম। গত বছর তীব্র গরমে ১ হাজারের বেশি হাজীর মৃত্যু হওয়ায়, এবার তা ঠেকাতে তৎপর কর্তৃপক্ষ।
সৌদি আরবের মক্কা থেকে এএফপি জানায়, তীব্র দাবদাহের মধ্যে এবারের হজ পালিত হচ্ছে, যেখানে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
সাদা ইহরাম পরিহিত হাজিরা মক্কার মসজিদুল হারামের কেন্দ্রে অবস্থিত ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফের চারপাশে ধীরে ধীরে তাওয়াফ শুরু করেন।
হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি, যা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার পালন করা ফরজ।
বুধবার হজের প্রথম দিনে কাবা শরিফের চারপাশে সাতবার প্রদক্ষিণের মাধ্যমে হাজিরা তাওয়াফ শুরু করবেন। এই পবিত্র স্থানটির দিকে মুখ ফিরিয়ে বিশ্বজুড়ে মুসলমানের প্রতিদিন নামাজ আদায় করেন।
এরপর হাজীরা রওনা হবেন মিনার পথে। হাজারো তাঁবুর সেই শহরে একরাত অবস্থান করবেন তাঁরা। এরপর বৃহস্পতিবার হজের মূল পর্ব আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে। এখানেই হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
হজ শুরুর আগে মুসল্লিদের ‘ইহরাম’ বাঁধতে হয়। এ জন্য পুরুষরা পরেন সেলাইবিহীন দু’টুকরো সাদা কাপড় যা কাফনের মতো দেখায়। এই পোশাক মুসলিমদের মধ্যে ঐক্য ও সাম্যের প্রতীক, যেখানে ধনী-গরিব, জাতি-ধর্ম, ভাষা বা রাষ্ট্রীয় পরিচয়ের কোন ভেদাভেদ থাকে না।



