স্পোর্টস ডেস্ক : ঋতুপর্ণা চাকমার দুর্দান্তা পারফরম্যান্সে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে অভাবনীয় এক জয়ে এএফসি উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে ওঠার পথে এগিয়ে গেল বাংলাদেশ।
বুধবার বাছাইয়ের ম্যাচে মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলকে হারিয়ে আনন্দ আড়াল করেননি ঋতুপর্ণা।
১৮তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। শেষ দিকে মিয়ানমারের উইন উইন একটি গোল দিয়ে ব্যবধান কমান।
প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে উঠল বাটলারের দল।
তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে মিয়ানমারের পয়েন্ট এখন ৩।
আগামী শনিবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই গ্রুপের চার দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে দুর্বল দল তুর্কমেনিস্তান, ১৪১তম। এ ম্যাচে অনাকাঙ্খিত কিছু না ঘটলে আগামী বছর অস্ট্রেলিয়া হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করবেন আফঈদা-স্বপ্নারা।
ম্যাচ জিতলেই ইতিহাস রচনা হবে বাংলাদেশ নারী ফুটবলে। প্রথমবারের মতো বাংলাদেশ খেলবে নারী ফুটবলে এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা এএফসি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে।



