আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরেও ইসরায়েলি সেনারা গাজায় ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। হামলার ঘটনাটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য উদ্বেগ তৈরি করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) হামাস ট্রাম্পের নতুন গাজা পরিকল্পনার জবাব দেয়। এতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে সম্মতি জানায় হামাস। কিন্তু পর দিন শনিবার ভোর থেকে ইসরায়েল বোমাবর্ষণ ও গোলাবর্ষণ চালায়। ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল উপেক্ষা করে হামলা চালায়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, শনিবার রাতটি ভয়াবহ ছিল। ইসরায়েলি সেনারা গাজা শহর ও উপত্যকার বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় এবং গোলাবর্ষণ করে। হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলার সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।



