ডেস্ক রিপোর্ট : ভারত তাদের পেঁয়াজের রপ্তানির ন্যূনতম মূল্য ১০০ ডলার কমিয়ে প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে, যা আগে ছিল ৪০৫ ডলার। রবিবার (৫ জানুয়ারি) ভারতের সরকার এই নতুন মূল্য নির্ধারণ করে সোমবার থেকে কার্যকর হয়। এরফলে বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজের আমদানি বাড়বে এবং দাম কমবে বলে আশা করা হচ্ছে।
ভারতের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার জানান, আগের নিয়ম অনুযায়ী, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির জন্য প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য ছিল ৪০৫ মার্কিন ডলার। তবে এই মূল্য কমানোর ফলে এলসি (লেটার অব ক্রেডিট) গ্রহণের প্রক্রিয়া সহজ হবে এবং পেঁয়াজের দাম আরও কমতে পারে।
এদিকে দেশীয় মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ার ফলে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে। যে কারণে আমদানিকারকদের লোকসানের মুখে পড়তে হয়। পেঁয়াজের দাম কমিয়ে দেয়ায় ভারত সরকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চাচ্ছে, কারণ ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে এবং এতে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে।



