স্পোর্টস ডেস্ক : সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন। দীর্ঘ ৩৭ বছর পর বাংলাদেশের এই দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেবার বিরল কৃতিত্ব অর্জন করেছেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় (ইংল্যান্ড সময় মধ্যরাত আড়াইটা) ইংলিশ চ্যানেল পাড়ি দিতে নামেন তারা। সাগর-হিমেল সফলভাবে তা শেষ করেন।
বাংলাদেশের সাবেক তারকা সাঁতারু ও অলিম্পিয়ান মাহফিজুর রহমান সাগর বলেন, ‘আমরা ৬ জনের একটি রিলে দল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি। বাংলাদেশ থেকে আমি ও নাজমুল ছিলাম। সফলভাবে আমরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি।
দু:সাহসিক এই অভিযান শেষে মাহফিজুর রহমান সাগর সামাজিক যোগযোগ মাধ্যমে লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলের নিরন্তর সমর্থনে, বাংলাদেশ দল ৬ জনের রিলে সাঁতারে ইংলিশ চ্যনেল জয় করেছে। ইংলিশ চ্যানেল আর কোন কল্প কাহিনী নয়। ৩৭ বছরের অপেক্ষার পর, আমরা শেষমেশ করতে পেরেছি। আজ ইতিহাস রচিত হলো।’



